যশোরের ঝিকরগাছায় বাবা-মায়ের সাথে পুজা দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু ভাইবোনের। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। নিহত দুই শিশু হলো উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজামণ্ডপের উদ্দেশে বের হয়েছিলেন সাধন কুমার। পথে যাত্রীবাহী ভ্যানের সঙ্গে গরু বহনকারী নসিমনের সংঘর্ষে দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মর্মান্তিক এ ঘটনায় শোকাহত স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া নেমেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।