ফেসবুকে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুকের ‘বাংলাদেশ রিয়েল জব’ পেজে ইউনিসেফের নাম ও লোগো ব্যবহার করে চাকরি প্রতারণা চালানো চক্রের দুই সদস্যকে বুধবার রাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।গ্রেফতার ব্যক্তিরা হলেন ২৯ বছর বয়সী মো. মোজাম্মেল হক এবং ২৫ বছর বয়সী মো. আল আমিন সরদার। ডিএমপির মিডিয়া বিভাগ বুধবার রাতে এই তথ্য জানায়।সাইবার মনিটরিং চলাকালে ডিবি সূত্রে তথ্য পায় যে ‘বাংলাদেশ রিয়েল জব’ পেজে ইউনিসেফের নাম দিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট করা হয়। আবেদন ফরমের নামে প্রথমে ৫৮০ টাকা নেওয়া হতো, এরপর চূড়ান্ত নিয়োগের প্রলোভন দিয়ে বিকাশ ও নগদ পেমেন্টের মাধ্যমে অতিরিক্ত ২,৫৮০ টাকা আদায় করা হতো। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইল নম্বরটি বন্ধ করে দেয়া হতো।ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ রমনা থানায় মামলা দায়েরের পর, প্রযুক্তিগত সহায়তায় রাত্রিকালীন অভিযান চালিয়ে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোরে মোহাম্মদপুরের জহুরী মহল্লার একটি বাসা থেকে চক্রের মূলহোতা আল আমিন সরদারকে গ্রেফতার করা হয়।অভিযানে তাদের ব্যবহার করা ইলেকট্রনিক ডিভাইস, ফেসবুক পেজের তথ্য ও মোবাইল সিম জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেন, গত দুই থেকে তিন বছর ধরে ফেসবুকের বুস্টিং ও বিজ্ঞাপন ব্যবহার করে হাজার হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।