যশোর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১৯ অক্টোবর) রাতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় সরকারি সফর শেষে যশোরে পৌঁছে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রথমে তিনি যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে যান এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ধর্ম পালন ও ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।
তিনি বলেন, দুর্গাপূজার প্রস্তুতি পর্ব থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সবাই মিলে যেভাবে ধর্মীয় উৎসব উদযাপন করা হচ্ছে, একইভাবে সম্মিলিত প্রচেষ্টায় দেশ গঠন করতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেক নাগরিক তাঁর মেধা ও যোগ্যতা দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখবেন। চব্বিশের গণঅভ্যুত্থান ও গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন সেই শিক্ষাই দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল এবং রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজসহ অন্যরা।
পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরের বেজপাড়া সার্বজনীন পূজামন্দির পরিদর্শন করেন।
মতামত