যশোরে চুরির অপবাদ দিয়ে মারপিট করে ১৪ বছরের কিশোর স্বাধীনকে হত্যার অভিযোগে কোতয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা নিহতের মা সুমাইয়া আক্তার বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন।
আসামিরা হলেন—শহরের বারান্দী মালোপাড়ার রেজা, তার শাশুড়ি ওলি, রনি ও তার বাবা আলী, পার্থ এবং নারায়ণ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে স্বাধীন তার বন্ধু জাহার ফুয়াদ ওরফে জীবনের সঙ্গে পূজা দেখতে বারান্দী মোল্লাপাড়া এলাকায় যায়। সেখানে একটি মন্দিরের গলির সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহারের সময় কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তাকে 'চোর' অপবাদ দিয়ে মারপিট শুরু করেন। একপর্যায়ে আসামিরা রড ও ধারালো অস্ত্র দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সে গুরুতর জখম হয়।
এ সময় স্বাধীনকে রক্ষা করতে এগিয়ে গেলে বন্ধু জীবনও মারধরের শিকার হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। স্বজনেরা উদ্ধার করে স্বাধীনকে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে ঢাকা হোম কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে স্বাধীনের মৃত্যু হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
মতামত