যশোরের সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের যুবদল নেতা বাবুল হোসেনের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে যশোর জেলা যুবদল।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাবুল হোসেনের বাড়িতে যান যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা।
এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেন এবং বাবুল হোসেনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
পরিদর্শনকালে আনসারুল হক রানা আগুনে পুড়ে যাওয়া ঘর, আসবাবপত্র ও অন্যান্য ক্ষতিগ্রস্ত মালামাল ঘুরে দেখেন। তিনি বাবুল হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে অগ্নিকাণ্ডের ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন।
জানা গেছে, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর দেয়াড়া ইউনিয়নের যুবদল নেতা বাবুল হোসেনের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরের বিভিন্ন অংশে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামালের অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুন লাগার সম্ভাবনা রয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারের কেউ হতাহত না হলেও দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা সংসারের প্রায় সবকিছু হারিয়ে চরম বিপাকে পড়েছেন বাবুল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা।
এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা।
মতামত